নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের তাগিদ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল ও সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।
এ ছাড়া ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জনগণের সেবা আরও সহজ ও কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।