ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপানে আত্মহত্যা করেছেন তানভীর হোসেন (১৯) নামে এক যুবক।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানভীর হোসেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানভীর হোসেন ফরিদপুর শহরের কমলাপুরে তার বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেলে তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর সংবাদ পান তানভীর। এ খবর শুনে তানভীর হোসেন শোক সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে তার বোন তানজিলার বাসার বাইরে গিয়ে বিষ পান করেন। বিষ পানের পর তানভীর তার বোনের বাসার ভেতরে ঢুকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার বোন ও মা ছালেহা বেগম তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সঙ্গে নিয়ে কোতয়ালী থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে একটি অপমৃত্যুর এজাহার জমা দেন।
নিহত তানভীরের বোন তানজিলা আক্তার জানান, তানভীরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তানভীর বিষপান করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করার পরে তার মৃত্যু হয়।
এ বিষয়টি নিয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।