মাগুরা শ্রীপুর উপজেলায় একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সোমবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়ন চণ্ডীখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি অলি মিয়া।
আহতদের মধ্যে আকুল (৫০), হাসিব (৩০), রহমত (২৫), আলম (৫৫), আমিরুল (৫০), মনিরুল (৬০), রাশেদ (৩২), সোহেল (৩০) এবং ওয়াসিমকে (২২) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ১৭ জুলাই প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলামের পক্ষে সমর্থক অমিরুল মোল্লা নিহত হয় । এ ঘটনার পর থেকে উভয়পক্ষের সমর্থকদের উত্তেজনা চলছিল।
এরই জেরে সোমবার রাতে লাঙ্গলবাধ বাজার থেকে সিরাজুল ইসলামের সমর্থক ইমদাদুল হোসেন (৪০) বাড়িতে ফেরার পথে তার ওপর হামলা চালায় আসাদের পক্ষের লোকজন। পরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
ওসি অলি মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নেয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, আগের খুনের ঘটনায় মামলা হলেও নিহত ব্যক্তিকে উভয়পক্ষই নিজেদের লোক বলে দাবি করছেন।