বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা এই মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অবস্থান করছে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি ভারী বৃষ্টি বলা হয়।

ভারী বৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ফলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা
নতুন নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

এর আগে কয়েক দিন আগে সৃষ্টি হওয়া আরেকটি নিম্নচাপ স্থল নিম্নচাপ হিসেবে ভারতের ঝাড়খণ্ডের দিকে সরে যায়। ওই নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছিল। রোববার বিকেল থেকে ঢাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি শুরু হয়।

নতুন নিম্নচাপের কারণে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।