কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় মুফতি আমির হামজার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়।
গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে এ হামলা চালিয়েছে। তিনি বলেন, মুফতি আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে চালানো এ হামলায় তিনি, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
তিনি বলেন, পুলিশ প্রশাসন সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করলে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে হামলার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।