নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার সকালে ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামে তাঁর গ্রামের বাড়িতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারেক মাসুদ ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন তাঁর মা নুরুন্নাহার মাসুদসহ পরিবারের সদস্য ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
স্মৃতিচারণে নুরুন্নাহার মাসুদ বলেন, ছেলের নামে গ্রামের বাড়িতে জাদুঘর গড়ার স্বপ্ন এখনো পূরণ হয়নি, এটাই তাঁর একমাত্র চাওয়া ছিল।
পরে ফাউন্ডেশনের আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমেদ, শিক্ষক সরোয়ার হোসেন, আবু বকর, সুভাষ মন্ডল ও তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ। বক্তারা ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরের নামকরণ ‘তারেক মাসুদ চত্বর’ করার দাবি জানান।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ। তাঁর ‘মাটির ময়না’ চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিশেষ পরিচিতি এনে দেয়।