নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঋণ বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াসুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান ও সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। সংশ্লিষ্টরা জানান, এ ঋণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
একই অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ১৩টি পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে জগ, গ্লাস ও পানির ফিল্টার বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা এই উদ্যোগকে দরিদ্র মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির সুবিধা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।