দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে ফিরেছে ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি।
একই দিনে মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে প্রথম দিনেই এগিয়ে গেছে ইমরান হাশমির সিনেমা।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে ৯ হাজার ৩৩টি শো থেকে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২১ কোটি রুপি নেট। বিশ্বব্যাপী সিনেমাটির প্রথম দিনের গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩৪ কোটি টাকারও বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটির সার্বিক থিয়েটার অকুপেন্সি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ।
এর মধ্যে সকালের শোগুলোতে দর্শক উপস্থিতি ছিল ২২ দশমিক ৬২ শতাংশ, দুপুরের শোতে ৩৫ দশমিক ৪৬ শতাংশ, সন্ধ্যার শোতে ৪৬ শতাংশ এবং রাতের শোগুলোতে তা বেড়ে দাঁড়ায় ৭৪ দশমিক ৩১ শতাংশে। দিল্লি-এনসিআর অঞ্চলে ৮৫৮টি শোতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৫৮ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে মুম্বাইয়ে ৬৮৭টি শো থেকে ৩৯ দশমিক ৫ শতাংশ দর্শক উপস্থিতি রেকর্ড করা হয়েছে।
স্বাধীনতা দিবসকে ঘিরে কৌশলগতভাবে মুক্তি পাওয়া সানি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’-এর তুলনায়ও অনেক এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন ২’।
সিনেমাটিতে শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি। তার সঙ্গে রয়েছেন দিশা পাটানি, পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার।
নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশাল ভাট ও মুকেশ ভাট। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রথম দিনের সাফল্যের পর এরই মধ্যে তৃতীয় কিস্তির সম্ভাবনা নিয়ে ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি। ফলে ‘আওয়ারাপন’ ভক্তদের অপেক্ষার তালিকায় এবার যুক্ত হতে পারে আরও একটি অধ্যায়।