র্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজের আনুষ্ঠানিক বিয়ের কয়েক দিনের মাথায় তাদের কথিত ‘প্রি-নাপশিয়াল এগ্রিমেন্ট’ (বিয়ের আগের সম্পদ চুক্তি)-এর শর্তাবলি নতুন করে আলোচনায় এসেছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভবিষ্যতে বিচ্ছেদ ঘটলে জর্জিনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিজের বিপুল সম্পত্তি সুরক্ষায় এই আইনি ব্যবস্থার রূপরেখা তৈরি রেখেছেন রোনালদো।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোনো কারণে দুজনের সম্পর্ক ভেঙে গেলে জর্জিনা আজীবন প্রতি মাসে প্রায় ১ লাখ ইউরো (প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা) করে ভাতা বা পেনশন পাবেন। এ ছাড়া স্পেনের মাদ্রিদের অভিজাত ‘লা ফিনকা’ এলাকায় অবস্থিত বিলাসবহুল পারিবারিক প্রাসাদটির মালিকানাও বিচ্ছেদের পর সরাসরি জর্জিনার নামে হস্তান্তর করার শর্ত রয়েছে ওই চুক্তিতে।
দীর্ঘ প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকা এবং পাঁচ সন্তানের অভিভাবক এই তারকা জুটি গত ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে সম্পূর্ণ ব্যক্তিগত এক পারিবারিক অনুষ্ঠানে সিভিল ম্যারেজের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আংটি পরা হাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের শুভ পরিণয়ের কথা জানান তারা।