ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন। তবে এরপর ইনিংসটা আর বড় করতে পারলেন না তানজিদ হাসান তামিম।

বড় শট খেলতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। ১৯৭ বলে তার ১০১ রানের ইনিংসটিতে ছিল ৮ চার আর ১ ছক্কার মার।

অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডারউইন টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৯ রান। নাজমুল হোসেন শান্ত ৫৩ আর মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড এখন ৪১ রানের।

এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন।

দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।

তবে ভুল করেননি তামিম। মুমিনুল হককে নিয়ে ১০৩ রানের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের আরেকটি বড় জুটি গড়েন দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।