প্রায় এক দশক আগে প্রকাশিত গান ‘জনম জনম’ দিয়ে নতুন মাইলফলক ছুঁলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সাবরিনা পড়শী। তাদের দ্বৈত কণ্ঠের গানটি ইউটিউবে ১০ কোটি ভিউ বা ১০০ মিলিয়ন ভিউয়ের ঘর পেরিয়েছে।

২০১৭ সালে প্রকাশিত গানটি ইমরান-পড়শী জুটির প্রথম দ্বৈত গান। সময়ের সঙ্গে তারা একাধিক গানে জুটি বেঁধেছেন। তবে পুরনো এই গানটির প্রতি শ্রোতাদের আগ্রহ এখনো কমেনি। বরং প্রকাশের প্রায় নয় বছর পর ইউটিউবে এমন মাইলফলক স্পর্শ করল ‘জনম জনম’।

শুক্রবার দুপুরে গানটির এই অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমরান মাহমুদুল। তিনি লেখেন, ‘আমার মিউজিক ক্যারিয়ারে পড়শীর সঙ্গে এটাই ছিল প্রথম কোনো ডুয়েট গান। দেখতে দেখতে গানটি ১০ কোটিরও বেশি ভিউ পার করেছে।’

গানটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তায় নিজের আনন্দের কথা জানিয়ে ইমরান আরো লেখেন, ‘যদিও গানটি ইউটিউবের যুগের গান নয়, তারপরও সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আজও গানটি শ্রোতাদের ভালোবাসা পাচ্ছে এটাই সত্যিই আনন্দের।

‘জনম জনম’ গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। ইমরানের সুর ও সংগীতে গানটি প্রকাশিত হয়েছিল পড়শীর তৃতীয় একক অ্যালবামে। অ্যালবামটির অন্যতম জনপ্রিয় গান হিসেবেও জায়গা করে নেয় এটি।

গানটির সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমরান লেখেন, ‘রবিউল ইসলাম জীবনের কথায়, আমার সুর ও সংগীতে ‘জনম জনম’ গানটি ছিল পড়শীর তৃতীয় একক অ্যালবামের গান। সেই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটিও ছিল অন্যতম।

গানটির সঙ্গে জড়িত প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। ‘জনম জনম’ এভাবেই বেঁচে থাকুক শ্রোতাদের ভালোবাসায়।’২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে অফিশিয়াল ভিডিও হিসেবে প্রকাশিত হয় ‘জনম জনম’। ভিডিওটি নির্মাণ করেছিলেন রম্য খান।