তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কাছে পাত্তাই পেল না মালয়েশিয়া জাতীয় দল। তদের ১৫৩ রানের অনায়াস জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশের তরুণরা।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজ বুধবার (১২ আগস্ট) আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। জবাবে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার এবং ইকবাল হোসেন সুবিধা করতে পারেননি। ইকবাল ০ রানে বিদায় নেন।
সেঞ্চুরির খুব কাছে চলে এলেও ছুঁতে পারেননি আবদুল্লাহ। ১০০ বলে ৯৪ রান করে আউট হন। পিয়ান করেন ৬১ রান।
শেষ দিকে ঝড় তোলেন শেখ পারভেজ জীবন। ১৮ বলে ৩৫ রানের ‘ক্যামিও’ উপহার দেন তিনি। মালয়েশিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেন আরিফ উল্লাহ। ২ উইকেট নেন বিজয় উনি।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত একের পর এক উইকেট হরাতে থাকে সফরকারীরা।
আহমেদ জুবাইদি ছাড়া আর কেউ ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। জুবাইদি ৬৬ বলে ৪২ রান করেন। জীবন ও মারুফ মৃধা মিলে গুঁড়িয়ে দেন মালয়েশিয়ার ব্যাটিং লাইন আপ। ধুঁকতে ধুঁকতে তারা ১৩৭ রানে অলআউট হয়।
বাংলাদেশের হয়ে মাত্র ১৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন শেখ পারভেজ জীবন। ম্যাচসেরাও হয়েছেন জীবন। ২টি করে উইকেট নেন মারুফ মৃধা এবং স্বাধীন ইসলাম।
আগামী শুক্রবার (১৪ আগস্ট) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সেই দুই দলের পরের ম্যাচ।