মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “বিএনপির উদারতাকে যারা দুর্বলতা মনে করছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।”
দেশের চলমান পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সতেরো বছর লড়াই-সংগ্রাম করে ক্ষমতায় এসেছি। পাঁচ মাস যেতে না যেতেই আপনারা আরেকটা গণঅভ্যুত্থানের চিন্তা করেন!” জামায়াতের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনারা ছিলেন অন্ধকারে, বিএনপির কারণে আলোর মুখ দেখেছেন। সংসদে এসেছেন, বিরোধী দল হয়েছেন; এখন বিএনপিকে উল্টে দেবেন? মনে রাখবেন, বিএনপির শিকড় এত দুর্বল নয়।”
তিনি বলেন, “সতেরো বছরে আওয়ামী লীগ সরকার জামায়াতের বহু নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে, গুম-খুন করেছে। তখন তো আপনারা অভ্যুত্থান করতে পারেন নাই বা সরকার উল্টাতে পারেন নাই। এখন সকাল-বিকাল সরকার উল্টে ফেলবেন, আর এ দেশের জনগণ কি আঙুল চুষবে?”
তিনি মন্তব্য করেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের জন্য সুবিধা ডেকে আনছে। “হিসাব করে দেখেন, আজকে যদি বিএনপি না থাকে তবে জামায়াত-এনসিপির নেতাকর্মীদের আওয়ামী লীগ গুলিয়ে খেয়ে ফেলবে। তাই আপনারা যদি বিএনপিকে দুর্বল করতে চান, তবে আপনারাই মহাবিপদে পড়ে যাবেন; বিএনপির কিছুই হবে না।”
অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, “সতেরো বছর গুম, খুন এবং হাজারো মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে লড়াই-সংগ্রাম করে এ দেশ থেকে আমরা স্বৈরাচার বিতাড়িত করেছি। এখন যারা বিএনপিকে ভয় দেখান, তারা নেহাত বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ, যারা সাগরশয্যায় বাস করে, তাদের শিশিরকণার ভয় দেখিয়ে কোনো লাভ নেই।”
শনিবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সরদার বাড়ি মোড় সংলগ্ন আঃ মজিদ খাঁর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ আরমান আলী শিকদার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর। উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুচ আলী প্রামাণিকের পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে এ মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।