নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অসহায়, প্রবীণ ও প্রতিবন্ধীদের সেবায় নিয়োজিত একটি সরকারি প্রতিষ্ঠানে এমন হামলা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পেছনে কারা জড়িত, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো অনুমাননির্ভর বক্তব্য না দিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

এমপি ইলিয়াস মোল্লা বলেন, “তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনসেবা ব্যাহত করার সুযোগ দেওয়া যাবে না।”

একই সাথে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।