নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে নিজ কার্যালয়ের চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে টাকা নিতে দেখা যায়।

ভিডিওতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) উদ্দেশ্য করে ইমরান শেখকে বলতে শোনা যায়, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

তবে ঘুসের অভিযোগ অস্বীকার করে ইমরান শেখ দাবি করেন, ‘এটি ঘুসের টাকা নয়, ধারের টাকা। অনেকেই আমার কাছ থেকে টাকা ধার নেন এবং ফেরত দেন। তবে ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাননি তিনি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা যাচাই করে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। তিনি বলেন, ‘আগেও কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়েছিল। ঘুস নেওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’