নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে শহরের গৌড় গোপাল আঙিনায় আলোচনা সভা শেষে শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ওপর জোর দেন। এর আগে তিনি শ্রীঅঙ্গনে প্রসাদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় উৎসবকে ঘিরে পুরো শহরে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। হাজারো ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।