মিজানুর রহমান, সদরপুর
কিডনি অপারেশনের পর শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ায় মৃত্যুর সঙ্গে লড়ছে সাত বছরের শিশু সাবিহা। ফরিদপুরের সদরপুর উপজেলার এই শিশুটির চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় সাবিহার প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার অসহায় বাবা-মা।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবিহা বর্তমানে সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিয়মিত কেমোথেরাপি ও রক্ত দিতে হচ্ছে। এছাড়া পা ও মেরুদণ্ডের ক্ষতের কারণে প্রতিদিন ড্রেসিং করতে হয়। সাবিহার বাবা শহিদুল ইসলাম সদরপুর মহিলা কলেজের একজন অবৈতনিক শিক্ষক। মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তিনি ইতোমধ্যে সঞ্চয় হারানোসহ ধার-দেনায় জর্জরিত।
বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সজীব কর্মকার জানান, সাবিহার চিকিৎসা দীর্ঘমেয়াদি। নিয়মিত কেমোথেরাপি ও যথাযথ চিকিৎসা না পেলে তার জীবন যেকোনো সময় মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
অসহায় বাবা শহিদুল ইসলাম বলেন, “মেয়েকে বাঁচাতে যা ছিল সবই শেষ করেছি। এখন আর কিছুই নেই। শুধু আল্লাহ আর মানুষের দয়ার দিকে তাকিয়ে আছি।” সাবিহার শৈশব ফিরিয়ে দিতে এবং তার চিকিৎসার ভার নিতে হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
