গোপালগঞ্জের মুকসুদপুরে বিনা অনুমতিতে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে নওয়াব আলী ফকির (৪০) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) মুকসুদপুরের কাশিয়ালিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।
স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে অনুমতি ছাড়াই মাটি কেটে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছে তাৎক্ষণিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলেই কাশালিয়া গ্রামের আঃ ছামাদ ফকিরের ছেলে নওয়াব আলী ফকিরকে দোষী সাব্যস্ত করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, “অনুমতি ব্যতীত ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের অবৈধ মাটি কাটা ফসলি জমির উর্বরতা নষ্ট করছে এবং কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। প্রশাসনের এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
ফসলি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপ স্থানীয়ভাবে একটি শক্ত বার্তা হিসেবেই দেখছেন সচেতন মহল।
