কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল বলেছেন, ‘রাজনীতি অনেক বদলায় গেছে। কোনো প্রকার অন্যায় সহ্য করা হবে না। কোনো সরকারি অফিসে কেউ ঘুষ দেবেন না। ঠিকমতো অফিস করে কিনা আমি নিজে সে বিষয়ে খোঁজ নিবো। নতুন বাংলাদেশ গড়তে অনেক মানুষ রক্ত দিছে। একটা পরিবর্তনের জন্য। এই রক্তের সঙ্গে মুনাফেকি করা যাবে না।’
শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথি বাবুল বলেন, যারা মাদক বাণিজ্য করেন, তারা আমি শহীদুল ইসলাম বাবুলকে চ্যালেঞ্জ করতেছেন। সে যেই হোক, আমার দলের লোক হলেও বর্দাস্ত করবো না। সেই দিন বদলায় গেছে, সন্ত্রাসী চাঁদাবাজি, ভূমিদস্যু আর মাদক ব্যবসা চলবে না। এগুলো কারা করে নাম দিবেন। শেকড় উপড়ে ফেলবো। আপনার আমাকে যে ভালোবাসা দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, আমার বাকি জীবন আপনাদের খেদমত করার জন্য সাধ্যমত চেষ্টা করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদ হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মুরাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।
ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমাদ মাসরুর।
