ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কে এক ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইসরাত জাহান লাবণ্য (২৪) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে।
নিহত লাবণ্য সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামের বাসিন্দা এবং পড়াশোনার জন্য ফরিদপুর শহরে একা ভাড়া বাসায় থাকতেন।
বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, রাতে লাবণ্যের কক্ষ থেকে মোবাইল ফোনের রিংটোন শুনতে পান। একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। তখন তিনি দেখেন লাবণ্য সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। পরে আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং লাবণ্যকে নিচে নামান।
তবে ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে বলে ধারণা করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে পারিবারিক, ব্যক্তিগত বা মানসিক কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
