আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত অত্যন্ত দুর্গম ও বিচ্ছিন্ন জনপদ দিয়ারার চর ইউনিয়ন পরিদর্শন করেছে যৌথবাহিনী। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বিশেষ টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
নিরাপত্তার চাদরে দুর্গম চরাঞ্চল ভৌগোলিক কারণে দিয়ারা ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা বরাবরই চ্যালেঞ্জিং। আজ যৌথবাহিনীর একটি শক্তিশালী দল ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে ঘুরে দেখেন। কেন্দ্রগুলোর প্রবেশপথ, ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তা ঝুঁকিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে যৌথবাহিনীর সদস্যরা স্থানীয় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।
চরাঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা রুখতে কঠোর বার্তা প্রদান করেন যৌথ বাহিনী।
উল্লেখ্য, নদীবেষ্টিত এই ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কঠিন হওয়ায় নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা এবং ব্যালট পেপার পৌঁছানোর বিষয়গুলো বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে প্রশাসন। যৌথবাহিনীর এই উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচনী আমেজ ও স্বস্তি ফিরে এসেছে।
