মাদারীপুরের শিবচরকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। শিবচরের যুব সমাজকে যে কোনো উপায়ে মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থানে থাকবেন বলে জানান তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শিবচরের ময়নাকাটা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাঈদ উদ্দিন আহমাদ হানজালা এসব কথা বলেন।
তিনি শিবচরের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং সুন্দর শিবচর গড়ার লক্ষে উপস্থিত সব কর্মকর্তা ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এমপি হানজালা বলেন, ‘রাতের বেলা আমি যেভাবে চাই সেভাবে যদি আপনাদের সহযোগিতা না পাই, তবে আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে যাবো।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদের, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তপন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলিমুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত প্রমুখ।
