রাজবাড়ী সদরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় আতর শেখ (৩৫) নামের এক ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, আবুবক্কর রাকিব মন্ডল, মৌসুমী, মনোয়ারা, মুনিয়া, হাসি বেগম, আতর শেখ, মাসুদা, নিঝুম, ইদ্রিস, আ. কুদ্দুস, শাহীন, দুলাল, সিদ্দিক আরোজসহ আরও অনেকে।
আহত রাকিব মন্ডল জানান, তারা তাদের নানার বাড়ির জমিতে বসবাস করে আসছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা সূর্য মিয়া ওই জমি দখলের চেষ্টা করছেন। সোমবার সকালে তারা বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সূর্য মিয়ার নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালায়।
এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় এবং কয়েকটি বসতঘরে আগুন দেওয়া হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, রামকান্তপুর এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার সকালে এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে মারামারিতে কয়েকজন আহত হন এবং একজন মারা গেছেন।
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, জমিসংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
