ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ নামে এক ভুয়া ভ্যাট অফিসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে বোয়ালমারী গরুহাটা এলাকায় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। দণ্ডপ্রাপ্ত স্বপন ঘোষ কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমন্দ্র নাথ ঘোষের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডের ‘আদর্শ প্রেসে’ গিয়ে নিজেকে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ অফিসার হিসেবে পরিচয় দেয়। এরপর সে প্রেসের মালিক আমিনুল ইসলামের কাছে টাকা দাবি করে। এর আগে দুই দফায় সে আমিনের কাছ থেকে ৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল।
সন্দেহ হওয়ায় আমিন ওই ব্যক্তির কাছে আইডি কার্ড দেখতে চান। আইডি কার্ড দেখাতে না পারায় স্থানীয়রা তাকে আটকে পুলিশে খবর দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পান এবং জানতে পারেন যে ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় ভুয়া পরিচয় দিয়ে টাকা তুলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। যেকোনো ধরনের প্রতারণা ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
