ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘স্বপ্নডানা’ বিদ্যালয়

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

9

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি নিজস্ব বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন থেকে রাজবাড়ীতে নির্মাণ করা হচ্ছে ‘স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়’। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

ওই বিদ্যালয় নির্মাণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, রাজবাড়ীতে যোগদানের পর থেকেই এমন একটি বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেছিলাম। পরে উপযুক্ত জায়গা খুঁজে বের করার দায়িত্ব রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীকে দেওয়া হয়।

রেলের শহর হওয়ায় এবং পদ্মা নদীর ভাঙনের কারণে শহরের অধিকাংশ জমিই রেলওয়ের আওতাধীন থাকায় সরকারি খাসজমি খুঁজে পাওয়া ছিল কঠিন। দীর্ঘ অনুসন্ধানের পর পৌরসভার মধ্যে ১৮ শতাংশ আয়তনের একটি জায়গা চিহ্নিত করা হয়, যা সম্পূর্ণ গর্তে ভরা ছিল।

তিনি বলেন, টিআর প্রকল্পের আওতায় কিছু অর্থ বরাদ্দ দেওয়া হলেও তা দিয়ে পুরো জমি ভরাট সম্ভব ছিল না। পরে বর্ষা শেষে নদীর নাব্যতা বৃদ্ধির জন্য উত্তোলিত ড্রেজড মেটেরিয়াল সরকারি বিধি অনুসরণ করে এনে জমি ভরাটের কাজ শুরু হয়।

এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যস্ততা থাকলেও জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে অসম্ভবকে সম্ভব করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, পূর্বনির্ধারিত নকশা অনুযায়ী জেলা প্রশাসন ও জেলা পরিষদের অর্থায়নে প্রাথমিকভাবে তিনটি কক্ষ, একটি বারান্দা, দুটি ওয়াশরুম এবং সামনে খোলা জায়গা রেখে বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়। পুরো ১৮ শতাংশ জমিতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। পিলার নির্মাণ থেকে শুরু করে ইটের গাঁথুনি, টিন, টাইলস, সিলিং ও টয়লেটের নকশা সবকিছুই যত্নসহকারে নির্বাচন করা হয়েছে।

সীমিত সামর্থ্যের মধ্যেও শিশুদের উপযোগী ও ভালোবাসাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে। বিদ্যালয় প্রাঙ্গণে কোথায় কাঠবাদাম, বাগানবিলাস ও কাঠগোলাপ গাছ লাগানো হবে তাও নির্ধারণ করা হয়েছে।

আগামী পহেলা মার্চ বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিদ্যালয়টির শুভ উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।