১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। এটি হবে চাঁদাবাজ, ধান্দাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে জনতার ব্যালট বিপ্লবের লড়াই। আগামী নির্বাচনে জয়ী হয়ে দেশের মালিকানা তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।
শনিবার সকালে যশোর ভৈরব চত্বরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনকিলাব মঞ্চে পুলিশি হামলার নিন্দা জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম না হয়ে দেশের ১৮ কোটি মানুষের পক্ষে থাকুন। গত ১৭ বছরে যারা একটি রাজনৈতিক দলের গোলামি করেছিলেন, জুলাই বিপ্লবে তাদের কী পরিণতি হয়েছে তা দেখেছেন। আপনারা কেবল মাত্র দেশের পুলিশ হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করুন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একটি দল ফ্যাসিস্ট হাসিনার মতো ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ১১ দলীয় জোটের নেতা–কর্মীরা ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে যাবেন এবং ফলাফল বুঝে না নিয়ে কেন্দ্র ছাড়বেন না। যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। এ সময় তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত উদ্বুদ্ধ করেন এবং ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।
এনসিপির নেতা নুরুজ্জামানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন যশোর–৩ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান ও এনসিপির নেতা সাকিব শাহরিয়ার প্রমুখ।
বক্তারা বলেন, ১১ দলীয় জোট ইনসাফে বিশ্বাস করে। দেশের মানুষ আর গোলামির জিঞ্জিরে বন্দি হতে চায় না, তারা চায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে। পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন।
