নিজস্ব প্রতিবেদক, সদরপুর
১০ টাকায় ইলিশ ও ১ টাকায় গরুর মাংস বিতরন করা ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রসন ) আসনের জাতীয় পার্টির আলোচিত প্রার্থী সেই রায়হান জামিলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা।
শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।
ফলে ফরিদপুর ৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না। এতে ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।
এ সময় মুফতি রায়হান জামিল বলেন, মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আরেকটি ধাপ সফলভাবে অতিক্রম করেছি। ফরিদপুর-৪ আসনের জনগণের অধিকার, উন্নয়ন ও কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে রায়হান জামিল ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ বিতরণ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
