ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে দুই স্টেশন-একটি বন্ধ, অপরটি ধুঁকছে

Doinik Kumar
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

8

রাজবাড়ীর গোয়ালন্দে রেলওয়ের দুই স্টেশনের মধ্যে গোয়ালন্দ বাজার স্টেশনটি ১০ বছর ধরে বন্ধ রয়েছে। জনবল সংকটে বন্ধ রেলওয়ের ঐতিহ্যবাহী স্টেশটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।

এদিকে চলাচলকারী পাঁচটি ট্রেনের মধ্যে দুটি আন্ত নগর ও একটি মেইল ট্রেনসহ মোট চারটি ট্রেন প্রত্যাহার করায় উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত অপর স্টেশন গোয়ালন্দ ঘাট এখন ট্রেন সংকটে ধুঁকছে। বর্তমানে সেখানে বেসরকারিভাবে পরিচালিত একটিমাত্র শাটল ট্রেন (লোকাল) দিয়ে কোনো রকমে চলছে স্টেশনটির কার্যক্রম।

দীর্ঘদিনের গণদাবি থাকা সত্ত্বেও গোয়ালন্দ ঘাট স্টেশনে ট্রেনের সংখ্যা আজও বাড়েনি। ট্রেনের অভাবে কয়েকগুণ বেশি ভাড়ায় সড়ক পথে যাতায়াত ও মালামাল পরিবহনে বাধ্য হচ্ছে এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

রেলওয়ের গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) স্টেশন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট-খুলনা, গোয়ালন্দঘাট-রাজশাহী রেলপথের ‘গোয়ালন্দ বাজার’ একটি গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন ওই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে নিয়মিত যাতায়াত করতো এলাকার হাজারো মানুষ।

সেখানে স্টেশন মাস্টার পদে একজন, সহকারী স্টেশন মাস্টার একজন, পয়েন্টসম্যান তিনজন এবং গেটম্যান দুইজনসহ সব পদে প্রয়োজনীয় লোকবল ছিল। পরে স্টেশন মাস্টারসহ সকল পদে জনবল শূন্য হয়ে যায়। এতে রেলওয়ের ঐতিহ্যবাহী গোয়ালন্দ বাজার স্টেশনটি গত ১০ বছর ধরে যাতায়াত বন্ধ থাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।

এদিকে উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত রেলওয়ের গোয়ালন্দ ঘাট স্টেশন।

প্রতিদিন সেখানে দুটি আন্ত নগর, একটি মেইলসহ মোট পাঁচটি ট্রেন বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করত। পরে ওই স্টেশন থেকে ট্রেনের সংখ্যা কমিয়ে দেয়  কর্তৃপক্ষ। এর মধ্যে রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাট স্টেশনে নিয়মিত চলাচল করত আন্তঃ নগর ট্রেন মধুমতি এক্সপ্রেস। পূর্বঘোষণা ছাড়াই ২০২০ সালের ৩০ অক্টোবর ওই ট্রেনটি গোয়ালন্দ ঘাট স্টেশন থেকে প্রত্যাহার করা হয়। ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ নামের অপর একটি মেইল ট্রেন নিয়মিত চলাচল করত রেলওয়ের গোয়ালন্দঘাট-খুলনা রুটে।বেসরকারিভাবে পরিচালিত ওই মেইল ট্রেনটিও গোয়ালন্দ ঘাট স্টেশন থেকে প্রত্যাহার করা হয় ২০১৭ সালের ১ নভেম্বর। এর আগে খুলনা-গোয়ালন্দ ঘাট রুটে চলাচলকারী আন্ত নগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস ১৯৯৬ সালে প্রত্যাহার করে রাজশাহী-চিলাহাটি রুটে স্থানান্তর করা হয়।

এদিকে, পার্বতীপুর থেকে গোয়ালন্দ ঘাট স্টেশন দিয়ে নিয়মিত চলাচল করত শিলিগুড়ি নামে পরিচিত অপর একটি লোকাল ট্রেন। ইঞ্জিন ও বগি সংকটের কারণ দেখিয়ে ২০১২ সালে ৫১৩ নভেম্বর সেটি বন্ধ করে দেওয়া হয়। চলাচল করা পাঁচটি ট্রেনের মধ্যে তিনটি প্রত্যাহার ও একটি বন্ধের কারণে রেলওয়ের গোয়ালন্দ ঘাট স্টেশন এখন ট্রেন সংকটে ধুঁকছে। বর্তমানে সেখানে একটি মাত্র শাটল ট্রেন (লোকাল) চলাচল করছে। বেসরকারিভাবে পরিচালিত ওই শাটল টেনটি চলছে গোয়ালন্দঘাট-পোড়াদহ স্টেশন রুটে।

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া বলেন, লোকাল ট্রেন শিলিগুঁড়ি বন্ধ থাকায় গোয়ালন্দঘাট-পার্বতীপুর রেলরুট এলাকার  ক্ষুদ্র ব্যবসায়ীসহ স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েন। ট্রেনের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া মিটিয়ে তারা সড়কপথে যাতায়াত ও মালামাল পরিবহনে বাধ্য হচ্ছেন। বন্ধ লোকাল ট্রেন শিলিগুঁড়ি ফের চালু করার পাশাপাশি প্রত্যাহার করা আন্তঃনগর ও মেইল ট্রেনগুলো গোয়ালন্দ ঘাট স্টেশনে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

গোয়ালন্দ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, রেলওয়ের গুরুত্বপূর্ণ গোয়ালন্দ বাজার স্টেশনটি বন্ধ রয়েছে। কিন্তু গেটম্যানের অভাবে গোয়ালন্দ পৌর শহরের ব্যাস্ততম স্টেশন সড়কে অবস্থিত রেলওয়ের গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত। প্রয়োজনীয় বেরিয়ার থাকলেও শাটল ট্রেনটি চলাচলের সময় ওই লেভেল ক্রসিংয়ে তা নামানো হয় না। এতে যে কোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রেলওয়ের গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন সত্যতা নিশ্চিত করে  বলেন, বিভিন্ন রুটে চলাচলকারী পাঁচটি ট্রেনের মধ্যে দুটি আন্ত নগর ও একটি মেইল ট্রেনসহ মোট চারটি ট্রেন প্রত্যাহার করায় গুরুত্বপূর্ণ গোয়ালন্দ ঘাট স্টেশনে ট্রেন সংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে গোয়ালন্দঘাট-পোড়াদহ রুটে বেসরকারিভাবে পরিচালিত একটিমাত্র শাটল ট্রেন (লোকাল) চলাচল করছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।