ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: পরীক্ষা বন্ধ করে লাপাত্তা হওয়ার অভিযোগ অভিভাবকদের

Doinik Kumar
ডিসেম্বর ৩১, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

136

বেলায়েত হোসেন, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলহাজ্ব মজিবর রহমান আমিন রেনীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত বুধবার রুটিন অনুযায়ী বার্ষিক পরীক্ষা না নিয়ে বিদ্যালয় ত্যাগ ও অভিভাবকদের সাথে অসদাচরণের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সংক্ষুব্ধ অভিভাবকগণ।

ঘটনার বিবরণ ও অভিযোগ: অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের ১০৬ নং এই বিদ্যালয়ে ৬ বছর ধরে কর্মরত রয়েছেন জাহিদুল ইসলাম। যোগদানের পর থেকেই তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিলে অভিভাবকদের মধ্যে বিভেদ সৃষ্টি ও পাঠদানের পরিবেশ ব্যাহত করছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৩ ডিসেম্বর ২০২৫ (বুধবার) বার্ষিক পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ থাকলেও প্রধান শিক্ষক তার খেয়ালখুশিমতো চলাফেরা করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন হাটখোলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা রাকিবুল ইসলাম মিলনসহ ৪/৫ জন শিক্ষক মোটরসাইকেলে এসে পরীক্ষা বন্ধ করে দিয়ে প্রধান শিক্ষককে নিয়ে চলে যান। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা নেয়ার দাবি জানালে তাদের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হন শিক্ষকরা। একপর্যায়ে কক্ষগুলোতে তালা দিয়ে তারা বিদ্যালয় ত্যাগ করেন। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে বেলা সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হয়।

ভোক্তভুগীদের বক্তব্য: এলাকাবাসী রজব আলীর অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়ে বসে রাজনীতি করেন। অভিভাবক সুমন শেখ জানান, বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের মধ্যে ২ জনই অন্যত্র চলে গেছেন, ফলে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মজিবর রহমান আমিনের পুত্রবধূ রুলিয়া পারভীন ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রধান শিক্ষক চেয়ারে বসে কেবল মোবাইল টিপেন। কিছু বললে ইমেইল চেক করার অজুহাত দেন।” অপর অভিভাবক আবুল কালাম আজাদ ওই প্রধান শিক্ষকের দ্রুত বদলি দাবি করেন।

অভিযুক্তের বক্তব্য: অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, “এলাকায় ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্বের প্রভাব আমার ওপর পড়ছে। একজন ভ্যানচালকের ছেলে মেধাতালিকায় প্রথম হওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

প্রশাসনের বক্তব্য: বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিবুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সরেজমিনে তদন্ত টিম পাঠানো হয়েছিল। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।