নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরে এই প্রথমবারের মতো বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে গঙ্গা পূজা ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ব্যতিক্রমী ও ধর্মীয় আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
বেনজির আহমেদ তাবরিজ বলেন, “ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জনপদ। এখানে যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ চমৎকার সহাবস্থানে বসবাস করছি। বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন।” বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে বরণ, সূর্য প্রণাম, গীতি নৃত্য ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। উৎসবের পরবর্তী পর্বে প্রয়াত দীপু দাসের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অয়ন সাহা, বিশিষ্ট ব্যবসায়ী দুর্গাপ্রসাদ সাহা, জিয়া মঞ্চ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ডা. মোফাজ্জেল হোসেন চৌধুরী, এবং মহানগর জিয়া মঞ্চের সদস্য সচিব এনামুল করিম।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ প্রতিম বিশ্বাস অমিত, সুদীপ্ত সাহা, অন্তু আচার্য, শুভ লাল দাস, সৌরভ সাহা, সুজয় সাহা, হৃদয় শীল, তন্ময় মজুমদার পরশ, ঋত্বিক কুন্ডু, আকাশ বিশ্বাস দয়াল, জয় হরি সরকার, জয়ন্ত সরকার, প্রণব বিশ্বাস, উদয় সরকার, শুভঙ্কর বণিক, বর্ষণ কর্মকার ও পাপ্পু সরকার প্রমুখ।
