নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জমাদানকারী প্রার্থীদের মধ্যে বিএনপির ৪ জন, জামায়াতের ৪ জন, বিভিন্ন দলের ১৮ জন এবং স্বতন্ত্র হিসেবে ১২ জন প্রার্থী রয়েছেন। আসনভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি প্রার্থী ফরিদপুর-১ আসনে এবং সবচেয়ে কম ফরিদপুর-৩ আসনে।
আসনভিত্তিক প্রার্থীর তালিকা:
ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা): এই আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন— খন্দকার নাসিরুল ইসলাম (বিএনপি), মো. ইলিয়াস মোল্লা (জামায়াত), শাহ মোহাম্মদ আবু জাফর (জাতীয় ঐক্য ফ্রন্ট), মৃন্ময় কান্তি দাস (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি), মো. হাসিবুর রহমান (জাতীয় নাগরিক পার্টি), সুলতান আহমেদ খান (জাতীয় পার্টি), মুহাম্মদ খালেদ বিন নাছের (বাংলাদেশ কংগ্রেস), মোহাম্মদ শরাফাত (বাংলাদেশ খেলাফত মজলিস)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন শামসুদ্দিন মিয়া ঝুনু, মোহাম্মদ আরিফুর রহমান দোলন, মো. আবুল বাসার খান, মো. শাহাবুদ্দিন আহমেদ, লায়লা আরজুমান বানু, মো. গোলাম কবীর মিয়া ও মো. আব্দুর রহমান জিকো।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা): এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন— শামা ওবায়েদ ইসলাম (বিএনপি), মো. আকরাম আলী (বাংলাদেশ খেলাফত মজলিস), ফারুক ফকির (গণঅধিকার পরিষদ), শাহ মো. জামাল উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মো. নাজমুল হাসান (বাংলাদেশ কংগ্রেস) ও আকরামুজ্জামান (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)।
ফরিদপুর-৩ (ফরিদপুর সদর): জেলা সদরের এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন— নায়াব ইউসুফ আহমেদ (বিএনপি), মো. আবদুত তাওয়াব (জামায়াত), মো. রফিকুজ্জামান মিয়া (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), কে এম ছরোয়ার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আরিফা আক্তার বেবী (জেএসডি) ও মোরশেদুল ইসলাম আসিফ (স্বতন্ত্র)।
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন): এই আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— মো. শহিদুল ইসলাম বাবুল (বিএনপি), মো. সরোয়ার হোসাইন (জামায়াত), মিজানুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস), রায়হান জামিল (জাতীয় পার্টি), মো. ইসহাক চোকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আতাউর রহমান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মো. তাসলিম মাতুব্বর (গণঅধিকার পরিষদ)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন এ এ এম মুজাহিদ বেগ, আবদুল কাদের মিয়া ও মুহাম্মদ মজিবুর হোসাইন।
ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ গণমাধ্যমকে জানান, জেলার ৪টি আসনে ৩৮ জন প্রার্থীর মনোনয়ন পাওয়া গেছে। এর মধ্যে দলীয়ভাবে বিএনপি ও জামায়াতের ৪ জন করে এবং স্বতন্ত্র ১২ জনসহ অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন। এখন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে।
