ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলা, নিহত অন্তত

Doinik Kumar
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

41

অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস পুলিশ সেখানে সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এরই মধ্যে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে ও অভিযান চলমান।

এদিকে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, বন্ডাই এলাকায় একাধিক গুলির শব্দ শোনা গেছে। তবে প্রাথমিকভাবে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পত্রিকাটি আরও জানায়, স্থানীয় বাসিন্দারা ক্যাম্পবেল প্যারেড এলাকায় একের পর এক পুলিশ গাড়ি প্রবেশ করতে দেখেছেন ও আশপাশে কিছু মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

অস্ট্রেলিয়ার আরেক সংবাদমাধ্যম ৭নিউজ জানিয়েছে, স্থানীয়রা গুলির শব্দ শুনে সমুদ্রসৈকত থেকে শত শত মানুষকে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখেছেন।

পুলিশ আরও জানায়, ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাতের মাত্রা এখনো স্পষ্ট নয়। এই হামলার সঙ্গে বন্ডাই বিচে চলমান কোনো ধর্মীয় অনুষ্ঠানের সম্পর্ক আছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার প্রথম দিনের অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে। ‘চানুকা বাই দ্য সি ২০২৫’ নামে আয়োজিত এই অনুষ্ঠানের একটি ডিজিটাল ফ্লায়ারে দেখা যায়, এটি রোববার বিকেল ৫টা থেকে সমুদ্রসৈকতের শিশুদের খেলার মাঠের কাছে আয়োজন করার কথা ছিল।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পাশের ব্রন্টে বিচে অবস্থানকালে তিনি একটানা প্রায় ২০টি গুলির শব্দ শুনতে পান। শুরুতে কেউ তেমন গুরুত্ব না দিলেও পরে টামারামা ও বন্ডাই বিচের আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখে সন্দেহ তৈরি হয়। এরপরই মোবাইল ফোনে একের পর এক বন্ডাইয়ে গুলির খবর আসতে শুরু করে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বন্ডাইয়ের পরিস্থিতিকে ‘ভয়াবহ ও মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, তিনি এরই মধ্যে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের সঙ্গে কথা বলেছেন।

আলবানিজ বলেন, আমরা নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। নিশ্চিত তথ্য পাওয়া গেলে আরও আপডেট দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।