নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার সদ্য ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থক হাজার হাজার নারী-পুরুষ বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার সকালে বিক্ষুব্ধ সমর্থকরা শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তুলেন।
এ সময় নেতাকর্মীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।
সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কামাল জামান মোল্লার সমর্থক নেতাকর্মীরা ৭১ সড়কের কেন্দ্রীয় জামে মসজিদ সামনে জড়ো হতে শুরু করেন।
বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বিশাল রূপ নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
“কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না”, “অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই”, “গণতন্ত্র মুক্তি পাক” এমন বিভিন্ন স্লোগানে বিশাল মিছিল নিয়ে ৭১ সড়ক অতিক্রম করে উপজেলা গোলচত্ত্বর ঘুরে এসে বাজারের প্রধান সড়কে আসে।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের জনসাধারণের নেতা। তার বিকল্প কোনো নেতা নেই। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এমন দমনমূলক পদক্ষেপ নিচ্ছে।
