নিজস্ব প্রতিবেদক
১০ টাকায় ইলিশ মাছ ও এক টাকায় গরুর মাংস দিয়ে ভাইরাল হওয়ার পর এবার অসহায়দের ঘরে ঘরে চালের বস্তা পৌঁছে দিচ্ছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ঘুরে ঘুরে আসনটির বিভিন্ন এলাকায় চালসহ নিত্যপ্রয়োজনীয় বাজার ও নানা খাদ্যসামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেন তিনি।
স্থানীয়রা জানান, অন্ধকার রাতে মাথায় চালের বস্তা ও হাতে বাজারের ব্যাগ নিয়ে দূরদূরান্তের বাড়িগুলোতে হাঁটতে দেখা যায় মুফতি রায়হান জামিলকে। তার সঙ্গে ছিলেন আরো কয়েকজন সহযোগী।
অন্ধকারাচ্ছন্ন সড়ক দিয়ে গ্রামে ঘুরে অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। পাশে দাঁড়ানো তার এই উদ্যোগ মানবিকতার নতুন মাত্রা যোগ করেছে এলাকায়।
সহযোগিতা পাওয়া ব্যক্তিরা জানান, দিনের আলোতে অনেককে সাহায্য করতে দেখা গেলেও, গভীর রাতে নীরবে এভাবে সাহায্য পৌঁছে দিতে দেখা যায় না, যা সত্যিই বিরল ঘটনা। এ সহযোগিতায় অসহায়দের কিছুটা হলেও দুঃখ লাঘব হবে বলে জানান তারা।
মুফতি রায়হান জামিল বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমার ঈমানি ও নৈতিক দায়িত্ব। যারা মুখ ফুটে বলতে পারে না, তাদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মাত্র। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
তিনি বলেন, সমাজের বিত্তবানরা এভাবে যদি অসহায়দের পাশে এগিয়ে আসতেন, তাহলে সমাজের চিত্রই পরিবর্তন হয়ে যেত।
