পবিত্র রমজান ও ঈদুল ফিতর ঘিরে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ফরিদপুরে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। গত ১২ মার্চ সদর উপজেলার চকবাজার ও হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। বিএসটিআই জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত একটি দল বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করেন।
অভিযানকালে লাইসেন্সবিহীন ও মোড়ক ছাড়া খোলা মুড়ি, লাচ্ছা সেমাই, ভার্মিসিলি এবং সফট ড্রিংকস পাউডার বিক্রির দায়ে বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এর মধ্যে ঠাকুর স্টোরসহ কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে মিথুন স্টোর, জিএস এন্টারপ্রাইজ ও মালেক স্টোরসহ পাঁচটি প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদিত মোড়কজাত পণ্য পাওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়। তবে ছামাদ স্টোর ও ভাই ভাই স্টোরসহ বেশ কিছু দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মোড়কহীন পণ্য বিক্রির দায়ে কঠোর সতর্কতা প্রদান করা হয়। অভিযানে ফিল্ড অফিসার এস. এম. সোহরাব হোসেন ও মো. সাব্বির হোসেন পুলক অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
